সুবর্ণচরে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
আরিফুর রহমান, সুবর্ণচর (নোয়াখালী)
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৮:৩২
ছবি: দি ফারমার্স ভয়েস
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মাদক সম্পর্কে সচেতন করতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টায় পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান। অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহ সামাজিক, পারিবারিক ও স্বাস্থ্যগত ক্ষতিকর দিক তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, মাদক একটি জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। তাই শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে মাদককে দৃঢ়ভাবে 'না' বলতে হবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
এ সময় শিক্ষার্থীরা মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার হিসেবে বিতরণ করা হয়।
