Logo
×

Follow Us

সারাদেশ

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামে প্রথমদিনে ৫০০ পরিবারের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১৯:৩৮

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামে প্রথমদিনে ৫০০ পরিবারের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা

বন্যার্তদের পাশে ছাত্রদল, ছবি- সংগ্রহ

প্রাকৃতিক দুর্যোগ ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের ব্যবস্থাপনায় বন্যাকবলিত ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী এবং জরুরি ত্রাণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) চট্টগ্রামের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় এ কার্যক্রমের নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি দুর্গত এলাকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন এবং সংকট কাটিয়ে উঠতে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এদিন তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যার পানিতে ডুবে মারা যাওয়া দুই বছর বয়সী শিশু ইসমাইল হোসেনের শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

ত্রাণ বিতরণ কার্যক্রমের প্রথম ধাপে ৫০০টি পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, বিশুদ্ধ পানি, শুকনো খাবারসহ প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। দুর্যোগের এই সময়ে ছাত্রদলের এমন মানবিক উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্বের অংশ। সেই দায়িত্ববোধ থেকেই এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থাকবে। প্রথম দিনে ৫০০টি পরিবারের কাছে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদল, চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নেতাকর্মী, স্থানীয় বিশিষ্টজন এবং স্বেচ্ছাসেবীরা অংশ নেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি ফিরে না আসা পর্যন্ত এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

Logo