Logo
×

Follow Us

সারাদেশ

সুবর্ণচরে ‘নাগরিকতা’ কর্মসূচির সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

Icon

আরিফুর রহমান, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৮

সুবর্ণচরে ‘নাগরিকতা’ কর্মসূচির সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সভায় অংশগ্রহণকারী সদস্যবৃন্দ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নাগরিক অংশগ্রহণ ও সুশাসন জোরদারের লক্ষ্যে ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF)’ কর্মসূচির আওতায় সিটিজেন গ্রুপ (সিজি) সদস্যদের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সাম্য ও সমতার বাংলাদেশ: জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন’ শীর্ষক কার্যক্রমের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার মোড় সংলগ্ন হোটেল রাজদরবারে সভাটি অনুষ্ঠিত হয়।


সভায় বিগত ত্রৈমাসিক সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। সিটিজেন গ্রুপের সদস্যরা নিজ নিজ এলাকায় পরিচালিত সামাজিক নিরীক্ষা (সোশ্যাল অডিট) কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিভিন্ন সীমাবদ্ধতা ও সম্ভাবনার কথা আলোচনা করেন। সামাজিক নিরীক্ষার অভিজ্ঞতা তুলে ধরে সদস্য বাদশা বলেন, “তৃণমূলের অধিকাংশ জনগণের সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে পর্যাপ্ত ধারণা নেই।”

এছাড়া জেলা প্রশাসকের সঙ্গে অনুষ্ঠিতব্য ‘রিভিউ অ্যান্ড রিফ্লেকশন’ সভায় তৃণমূলের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ উপস্থাপনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে নাগরিকদের ভোটদানের অভিজ্ঞতা, নির্বাচন-পরবর্তী স্থানীয় সরকার কাঠামোর পরিবর্তন এবং বর্তমান পরিস্থিতি নিয়েও সদস্যরা মতামত দেন। এসব মতামত ও অভিজ্ঞতা নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়াই কর্মসূচির অন্যতম লক্ষ্য বলে জানানো হয়।


সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে নাগরিকদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে নতুন সরকারের প্রতি প্রত্যাশার কথাও তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

উল্লেখ্য, সুইজারল্যান্ড ও কানাডা সরকার এবং ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে GFA Consulting Group GmbH-এর ব্যবস্থাপনায় এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর বাস্তবায়নে পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক -প্রান এ সভার আয়োজন করে। সভাটি পরিচালনা করেন কর্মসূচির নোয়াখালী জেলা মাঠ সমন্বয়ক মাহমুদুল হাসান।

Logo