জলাবদ্ধতা নিরসনে কঠোর উপজেলা প্রশাসন, মাঠে ইউএনও
আরিফুর রহমান, সুবর্ণচর (নোয়াখালী)
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১৫:০৮
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বর্ষা মৌসুমে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। জনদুর্ভোগ কমাতে নিয়মিত অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান। এরই অংশ হিসেবে সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার চরবাটা ইউনিয়নের খাসেরহাট বাজার ও আশপাশের এলাকায় পানি নিষ্কাশনের লক্ষ্যে সরেজমিনে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ইউএনও আকিব ওসমান জলাবদ্ধতার বিভিন্ন কারণ, ড্রেন ও খালের প্রতিবন্ধকতা এবং পানি চলাচলের পথ পরিদর্শন করেন। পরে দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। একই সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় ড্রেন ও পানি চলাচলের পথ পরিষ্কার করার কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন, সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল উদ্দিন সুমন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বর্ষাকালে জলাবদ্ধতা নিরসনে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও আবাসিক এলাকার ড্রেন, খাল এবং পানি নিষ্কাশনের পথ পর্যায়ক্রমে পরিষ্কার করা হবে। জনভোগান্তি কমিয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বলেন, "বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে উপজেলা প্রশাসন নিয়মিতভাবে মাঠে কাজ করছে। কোথাও পানি প্রবাহে প্রতিবন্ধকতা থাকলে তা দ্রুত অপসারণ করা হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে এ ধরনের অভিযান চলমান থাকবে। স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতায় দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা হবে।"
