৫ দিনজুড়ে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা, কমতে পারে তাপপ্রবাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৩:২৬
ছবি সংগৃহীত
দেশজুড়ে
চলমান তীব্র গরমের মধ্যে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হওয়ায় জনজীবনে কিছুটা স্বস্তি
ফিরেছে। গত ২৪ ঘণ্টায় দেশের কয়েকটি এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টি রেকর্ড করা
হয়েছে, যার মধ্যে রংপুরে
সর্বোচ্চ ১৪৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া সৈয়দপুর, তেঁতুলিয়া, দিনাজপুর, আরিচা, নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন এলাকাতেও
বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর
জানিয়েছে, দেশের কিছু অঞ্চলে
এখনও তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রয়েছে, বিশেষ
করে রাঙামাটি, লক্ষ্মীপুর ও
বান্দরবান এলাকায় তাপপ্রবাহ অনুভূত হচ্ছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই তাপপ্রবাহ
কিছুটা কমতে পারে।
রোববার রাতের মধ্যে
মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে
ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়,
দমকা
হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত
দেখাতে বলা হয়েছে।
আগামী পাঁচ দিন দেশের
অধিকাংশ বিভাগেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম
ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। কোথাও কোথাও অতি ভারী
বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের বিস্তীর্ণ অঞ্চলে
ঝোড়ো হাওয়া, বজ্রপাত ও ভারী
বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদদের
মতে, সপ্তাহের শেষের দিকে
বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে। তবে আপাতত দেশের বিভিন্ন অঞ্চলে
আবহাওয়ার এই পরিবর্তন গরমের তীব্রতা কিছুটা লাঘব করবে বলে ধারণা করা হচ্ছে।
