Logo
×

Follow Us

উদ্যোক্তা

গুরুত্ব পেল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা

টিস্যু কালচার প্রকল্পের উদ্যান ফসলের আধুনিক চাষে প্রশিক্ষণ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ২৩:৪০

টিস্যু কালচার প্রকল্পের উদ্যান ফসলের আধুনিক চাষে প্রশিক্ষণ

সাভারের রাজালাখ হর্টিকালচার সেন্টারে ‘টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় উপসহকারী কৃষি অফিসার ও সমমানের কর্মকর্তাদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ শেষ হয়েছে গত মঙ্গলবার। ‘উদ্যান ফসলের আধুনিক চাষ ও সংগ্রহোত্তর পদ্ধতি’ বিষয়ক এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আধুনিক কৃষি প্রযুক্তি ও ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা পান। প্রশিক্ষণের প্রথম দিনে অভিজ্ঞ প্রশিক্ষকেরা তাত্ত্বিক আলোচনা ও মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে উদ্যান ফসল উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

সেশনে হর্টিকালচার উইংয়ের পরিচালক ড. মো. হযরত আলী সরকারের কৃষি পরিকল্পনা ও উদ্যান ফসল সম্প্রসারণে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে দিকনির্দেশনা দেন। টিস্যু কালচার প্রকল্পের পরিচালক তালহা জুবায়ের মাসরুর ‘সংগ্রহোত্তর ব্যবস্থাপনায় ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ প্রযুক্তির গুরুত্ব ও দলভিত্তিক ব্যবস্থাপনা’ বিষয়ে আলোচনা করেন। এছাড়া হর্টিকালচার পরামর্শক ড. মো. মেহেদী মাসুদ ফল ও সবজি বাগানের আন্তঃপরিচর্যা, সেচ ও নিষ্কাশন ব্যবস্থাপনা নিয়ে উপস্থাপনা দেন। টিস্যু কালচার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো. জামাল হোসেন প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কোর্স কাঠামো তুলে ধরেন।

দ্বিতীয় দিনে স্বাধীনতা পদকপ্রাপ্ত কৃষি গবেষক অধ্যাপক ড. এম এ রহিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ফুল ও ফল) ড. মো. নুরে আলম সিদ্দিকী; টিস্যু কালচার প্রকল্পের পরামর্শক ড. মো. একরামুল হক এবং টেকনিক্যাল এক্সপার্ট শামিম আহসান আবির বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী উপসহকারী কৃষি অফিসারদের মধ্যে সনদ বিতরণ করা হয়। সনদ বিতরণ করেন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো. জামাল হোসেন এবং রাজালাখ হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. জামিউল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আয়োজকেরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের দক্ষতা বাড়বে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উদ্যান ফসলের উৎপাদন ও সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।

Logo