তুরস্কে আন্তর্জাতিক ইমাম-খতিব সম্মেলনে যোগ দিলেন বাংলাদেশের দুই শীর্ষ আলেম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ২৩:৫০
কাতারভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স এর উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ইমাম-খতিব সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের দুই শীর্ষ আলেম শায়েখ জামাল উদ্দীন ও মুফতি আহমাদ শাওকি আফিফি।
শায়েখ জামাল উদ্দীন দেশের অন্যতম প্রখ্যাত আলেমে দ্বীন ও জনপ্রিয় ইসলামী বক্তা। অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলের একজন ইন্সট্রাক্টর হিসেবে তিনি কুরআন শিক্ষাকে সহজ, সাবলীল ও আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে বাংলাভাষী মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। তাঁর এ উদ্যোগ দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী মুসলিমদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং কুরআন শিক্ষার প্রসারে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
অন্যদিকে, মুফতি আহমাদ শাওকি আফিফি বাংলাদেশের খ্যাতিমান আলেমে দ্বীন, প্রখ্যাত আরবি সাহিত্যিক ও গবেষক। তিনি আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স এর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে ইসলামী চিন্তা, গবেষণা ও দাওয়াহভিত্তিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ইমাম, খতিব, আলেম ও ইসলামী চিন্তাবিদরা অংশগ্রহণ করবেন। সমসাময়িক দাওয়াহ, খুতবা, মুসলিম সমাজের বহুমাত্রিক চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের নানা বিষয় সম্মেলনের আলোচ্যসূচিতে স্থান পেয়েছে।
বুধবার ৫ আগস্ট থেকে তুরস্কের ত্রাবজোন শহরে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। চলবে ১৫ আগস্ট পর্যন্ত। মুসলিম বিশ্বের ইমাম ও খতিবদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, সমসাময়িক বাস্তবতার আলোকে মতবিনিময় এবং পারস্পরিক সহযোগিতা সুদৃঢ় করার লক্ষ্যে এ আন্তর্জাতিক সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকদের প্রত্যাশা।
