সুবর্ণচরে ৬০ রোজাদারের পাশে এটিএম লুৎফুর রহমান ফাউন্ডেশন
আরিফুর রহমান, সুবর্ণচর (নোয়াখালী)
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৭
সুবর্ণচরে ৬০ রোজাদারের পাশে এটিএম লুৎফুর রহমান ফাউন্ডেশন
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা হাবিবিয়া এলাকায় শুক্রবার সকাল ১০টায় এটিএম লুৎফুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ৬০ জন রোজাদার মুসল্লির মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি এলাকায় মানবিকতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
আয়োজকরা জানান, রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের পাশাপাশি সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। সেই লক্ষ্য থেকেই নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মুসল্লিদের হাতে প্রয়োজনীয় ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়, যাতে তারা স্বাচ্ছন্দ্যে রোজা পালন করতে পারেন। ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার ও ফাউন্ডেশনের সদস্য সচিব জাহিদুর রহমান বলেন, এটিএম লুৎফুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম আরও বড় পরিসরে আয়োজন করা হবে। তিনি জানান, সামনে ঈদুল ফিতর উপলক্ষে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের পরিকল্পনাও রয়েছে। উল্লেখ্য, গত বছর এই ফাউন্ডেশন থেকে মাসব্যাপী ২০০ মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়েছিল, যা স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছিল।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী আব্দুর রহমান জামে মসজিদের খতিব মোহাম্মদ আনিছুর রহমান, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাংবাদিক আব্দুল বারী বাবলু, এডভোকেট আব্দুল্যাহ, সমাজসেবক আলা উদ্দিন, সাংবাদিক হাবিবুর রহমান রনি এবং ফাউন্ডেশনের সদস্য আরিফুর রহমান, হামিদুর রহমান, সাইফুর রহমান ফয়সাল, নাঈমুর রহমান সায়েমসহ অন্যান্যরা।
অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে এ ধরনের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে এবং ভবিষ্যতেও তারা ধারাবাহিকভাবে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
