Logo
×

Follow Us

জাতীয়

সেই ঠিকাদারের নামে জিডি করলেন প্রকল্প পরিচালক

দরপত্রে প্রভাব বিস্তার ও হুমকির অভিযোগ, কঠোর অবস্থানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০০:২৬

দরপত্রে প্রভাব বিস্তার ও হুমকির অভিযোগ, কঠোর অবস্থানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

সরকারি দরপত্র নিজেদের অনুকূলে নিতে চাপ প্রয়োগ, প্রকল্প পরিচালককে মারধরের হুমকি এবং কর্মকর্তা-কর্মচারীদের হয়রানির অভিযোগে কঠোর অবস্থান নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। খামারবাড়িতে প্রকল্প পরিচালকের কক্ষে ঢুকে এক ঠিকাদার ও তাঁর সহযোগীর হুমকি দেওয়ার অভিযোগ এবং এ-সংক্রান্ত সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার পর অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী প্রকল্প পরিচালক।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খামারবাড়িতে কর্মরত বিভিন্ন প্রকল্পের পরিচালকেরা তাঁদের নিরাপত্তার বিষয়টি ডিএইর মহাপরিচালককে জানিয়েছেন। বিষয়টি কৃষিমন্ত্রী ও সচিবকেও অবহিত করা হয়েছে। সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি কিংবা অনৈতিকভাবে দরপত্র প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পক্ষে কঠোর অবস্থানে রয়েছে কৃষি মন্ত্রণালয়ও।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম বলেন, “কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মপরিবেশ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এ জন্য কৃষিমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “এর আগেও বিভিন্নভাবে আমরা সর্বোচ্চ সহনশীলতা দেখিয়েছি। কিন্তু এখন বিভিন্ন মহল থেকে এসে কেউ দালালি বা প্রতারণার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের ওপর চাপ সৃষ্টি কিংবা হয়রানি করবে, তা আর সহ্য করা হবে না। এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে থাকব।”

মহাপরিচালক বলেন, “কর্মকর্তা-কর্মচারীরা যদি সুষ্ঠু পরিবেশে দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে না। কেউ এখানে এসে অবৈধভাবে চাপ সৃষ্টি করলে, তিনি যে-ই হোন না কেন, তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ডিএইর পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং সরকারি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Logo