কৃষকদের থেকে ওজনে অতিরিক্ত পণ্য নিলে ব্যবস্থা নেবে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ২২:২৭
দেশের প্রত্যন্ত বাজারগুলোতে কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে চাষিদের কাছে নির্ধারিত ওজনের চেয়ে অতিরিক্ত পণ্য বেশি নিচ্ছেন পাইকারি ক্রেতা ও আড়তদাররা। বিষয়টি অনৈতিক এবং আইনত দণ্ডনীয় অপরাধ।
এরই মধ্যে বিষয়টি নজরে এসেছে সরকারের কৃষি বিপণন অধিদপ্তরের। সংস্থাটি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সারাদেশের কৃষি বিপণন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) পেঁয়াজ ও আমসহ বিভিন্ন কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ওজনে অনিয়ম সংক্রান্ত এক স্মারকে বলা হয়, ‘দেশের বিভিন্ন হাট-বাজারে পেঁয়াজ ও আমসহ অন্যান্য কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের সময় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগী পণ্যের ওজনের ক্ষেত্রে তারা প্রচলিত ধলতা বা শুকনা গ্রহণের অজুহাতে কৃষকদের বাধ্য করে প্রতি ৪০ কেজিতে ২ থেকে ৬ কেজি পর্যন্ত অতিরিক্ত পণ্য গ্রহণ করছেন বলে অভিযোগ রয়েছে।’
এটি অনৈতিক এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর অধ্যায় ৪, ধারা ২৯ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এ অবস্থায় কৃষকদের এই আর্থিক হয়রানি থেকে রক্ষা করতে এবং বাজারের শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কৃষি বিপণন কর্মকর্তাদের বলা হয়েছে বলেও উল্লেখ করা হয় অধিদপ্তরের স্মারকে।
