এনএসডিএর রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ভুয়া সনদ দেওয়ার অভিযোগ
জাল সনদে প্রতারণা, বিকন হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের মালিক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ২৩:০২
আনোয়ার হোসেন ওরফে সায়মন খান
রান্নার প্রশিক্ষণের নামে জাল সনদ দেওয়ার অভিযোগে আনোয়ার হোসেন ওরফে সায়মন খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ–২ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) দেওয়া অন্য একটি প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে জাল সনদ দিয়ে আসছিলেন।
এর আগে ২০২৪ সালের ১০ নভেম্বর আনোয়ার হোসেনের সনদ প্রতারণা নিয়ে সমকালে সংবাদ প্রকাশিত হয়। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছিলেন।
খিলগাঁও থানার ওসি আব্দুল আলীম বলেন, মোহাম্মদ শাহ এমরান নামে এক ব্যক্তি আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে রন্ধনশিল্প ও হোটেল ব্যবস্থাপনা খাতে প্রশিক্ষণের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে গড়ে উঠেছে বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) অনুমোদন নিয়ে পরিচালিত এসব প্রতিষ্ঠানের সনদ দেশ-বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন প্রেক্ষাপটে রাজধানীর গুলশান-১ এলাকায় অবস্থিত ‘বিকন একাডেমি বাংলাদেশ’ নামে একটি স্বীকৃত প্রতিষ্ঠান রান্নাবিষয়ক প্রশিক্ষণ দিয়ে ইতোমধ্যে সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠানটি এনএসডিএর নিবন্ধনপ্রাপ্ত। তবে অভিযোগ উঠেছে, এই প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধন নম্বর ব্যবহার করে রাজধানীর নিকুঞ্জ এলাকায় ‘বিকন হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট’ নামে আরেকটি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। প্রতিষ্ঠানটির মালিক আনোয়ার হোসেন এনএসডিএর অনুমতি ছাড়াই সরকারি লোগো ব্যবহার করে ভুয়া সনদ দিতেন।
এ বিষয়ে বিকন একাডেমি বাংলাদেশের স্বত্বাধিকারী শাহ ইমরান জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ৩ অক্টোবর এনএসডিএ ‘বিকন একাডেমি বাংলাদেশ’-কে দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন দেয়। কিন্তু সেই নিবন্ধন নম্বর অবৈধভাবে ব্যবহার করে ভিন্ন ঠিকানায় পরিচালিত প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে এবং জাল সনদ প্রদান করছে।
