সাক্ষাৎকার
ডিম-মুরগির দাম কমাতে উৎপাদন খরচ ও বাজারব্যবস্থায় নজর দিতে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ২২:২৬
মশিউর রহমান
পোলট্রি খাতে প্রায় ৪০ হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে। উৎপাদন খরচ, করের চাপ, বাজার ব্যবস্থাপনা ও মধ্যস্বত্বভোগীদের কারণে এ খাতের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। ডিম ও মুরগির দাম না কমার কারণ, খামারিদের সংকট এবং রপ্তানির সম্ভাবনা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) আহ্বায়ক মশিউর রহমান
প্রশ্ন: দেশে ডিম ও মুরগির উৎপাদন চাহিদার তুলনায় বেশি। তারপরও বাজারে দাম কমছে না। এর কারণ কী?
মশিউর রহমান: ডিম ও মুরগির উৎপাদন বাড়লেও উৎপাদন খরচের সঙ্গে বাজারদরের একটা বড় সম্পর্ক রয়েছে। গত কয়েক বছরে পোলট্রি খাদ্যের কাঁচামাল, বাচ্চা, ওষুধ, বিদ্যুৎ, জ্বালানি ও পরিবহন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পোলট্রি খাদ্যের প্রধান উপাদান ভুট্টা ও সয়াবিন মিলের বড় অংশ আমদানিনির্ভর। ফলে আন্তর্জাতিক বাজারে দাম ও পরিবহন ব্যয় বাড়লে তার প্রভাব সরাসরি উৎপাদন খরচে পড়ে।
গত তিন বছরে ফিডের বিভিন্ন উপাদানের দাম প্রায় ৩৫ শতাংশ বেড়েছে। একই সময়ে ডিম ও মাংসের দামও ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার পেলেট ফিডের দাম ৭২ থেকে ৭৩ টাকা এবং লেয়ার মেশ ফিডের দাম ৫৮ থেকে ৫৯ টাকা। এক দিনের ব্রয়লার বাচ্চার দাম ৩৫ থেকে ৪০ টাকা। এর সঙ্গে যুক্ত হয়েছে অতিরিক্ত গরম, রোগবালাই ও খামার পরিচালনার ব্যয়। ফলে উৎপাদন বেশি হলেই বাজারে দাম কমে যাবে, বিষয়টি এত সরল নয়।
প্রশ্ন: উৎপাদন খরচের সঙ্গে বাজারদরের ব্যবধান কতটা?
মশিউর রহমান: বর্তমানে ক্ষুদ্র ও মাঝারি খামারে প্রতি কেজি ব্রয়লার মুরগি উৎপাদনে খরচ হচ্ছে আনুমানিক ১৫০ থেকে ১৬০ টাকা। প্রতিটি ডিম উৎপাদনে খরচ প্রায় ১১ টাকা। খুচরা বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা এবং প্রতিটি ডিম ১২ থেকে ১৩ টাকায়। কিন্তু খুচরা বাজারের এই দামের পুরোটা খামারির হাতে যায় না। অনেক সময় খামার পর্যায়ে বিক্রয়মূল্য উৎপাদন খরচের নিচে নেমে আসে।
২০২৫ সালের শেষ দিকে খামারিরা প্রতি কেজি ব্রয়লার মুরগি ১২২ থেকে ১২৫ টাকা এবং প্রতিটি ডিম ৭ টাকা ৫০ পয়সা থেকে ৮ টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। তখন উৎপাদন খরচের তুলনায় অনেক কম দামে পণ্য বিক্রি করতে হয়েছে। একদিকে খামারির লোকসান, অন্যদিকে ভোক্তার বেশি দামে পণ্য কেনার পরিস্থিতি তৈরি হচ্ছে। বাজারের সরবরাহব্যবস্থা ও মধ্যস্বত্বভোগীদের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ।
প্রশ্ন: দেশের পোলট্রি খাতের বর্তমান উৎপাদন ও বাজারের আকার কত?
মশিউর রহমান: জনসংখ্যা বৃদ্ধি, মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং প্রাণিজ আমিষের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের পোলট্রি খাতেরও ব্যাপক সম্প্রসারণ হয়েছে। বিশেষ করে বেসরকারি বিনিয়োগ, আধুনিক খামার ব্যবস্থাপনা ও উন্নত জাতের মুরগির উৎপাদন সক্ষমতা বেড়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে দেশে ডিম উৎপাদন ছিল ২ হাজার ৫৮ কোটি পিস। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৪১ কোটি পিসে। অর্থাৎ পাঁচ বছরে ডিম উৎপাদন বেড়েছে প্রায় ২০ শতাংশ। বর্তমানে দেশে বছরে মাথাপিছু ১৪০টি ডিমের চাহিদা রয়েছে। মোট বার্ষিক চাহিদা প্রায় ২ হাজার ১০০ কোটি ১৬ লাখ পিস। সে হিসাবে চাহিদার তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি ডিম উৎপাদিত হচ্ছে।
ব্রয়লার মুরগির উৎপাদনও বেড়েছে। ২০২০-২১ সালে মাথাপিছু ব্রয়লার মুরগি খাওয়ার পরিমাণ ছিল ছয় থেকে সাত কেজি, এখন তা বেড়ে ১০ কেজিতে দাঁড়িয়েছে। চাহিদার তুলনায় উৎপাদন প্রায় ৫ শতাংশ বেশি।
দেশে প্রায় ৯০ হাজার নিবন্ধিত এবং ২ লাখ অনিবন্ধিত পোলট্রি খামার রয়েছে। এসব খাতে প্রায় ৪০ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হয়েছে প্রায় ৬০ লাখ মানুষের। পোলট্রি শিল্পের বার্ষিক বাজার প্রায় ৫০ হাজার কোটি টাকার। এর মধ্যে ডিমের বাজার প্রায় ২৫ হাজার কোটি এবং ব্রয়লার মুরগির বাজার প্রায় ২০ হাজার কোটি টাকার।
প্রশ্ন: এত বড় বিনিয়োগ ও বাজার থাকার পরও খামারিরা কেন ঝুঁকিতে রয়েছেন?
মশিউর রহমান: দেশের মাংস ও ডিম উৎপাদনের প্রায় ৭০ শতাংশই করেন ক্ষুদ্র খামারিরা। এ কারণে তাঁদের টিকিয়ে রাখা অত্যন্ত জরুরি। কিন্তু উৎপাদন খরচ বৃদ্ধি, বাজারের অস্থিরতা, রোগবালাই ও আবহাওয়ার পরিবর্তনের কারণে ছোট ও মাঝারি খামারিরা প্রতিনিয়ত ঝুঁকিতে পড়ছেন। অতিরিক্ত গরমে মুরগির উৎপাদন কমে যায়, মৃত্যুহার বাড়ে। আবার সঠিক বর্জ্য ব্যবস্থাপনা ও খামারের পরিবেশ নিয়ন্ত্রণ করতে না পারায় অনেক খামার লোকসানে পড়ে বন্ধ হয়ে যাচ্ছে।
এ পরিস্থিতি মোকাবিলায় আমাদের ব্যাপক ভিত্তিতে স্মার্ট ফার্মিং ও টেকসই খামার ব্যবস্থাপনায় যেতে হবে। বিশেষ করে পোলট্রি লিটার ব্যবস্থাপনা, মৃত মুরগির নিরাপদ নিষ্পত্তি, বায়োসিকিউরিটি এবং শেডের তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণে গুরুত্ব দিতে হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি খামারিদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা নিশ্চিত করতে হবে।
প্রশ্ন: পোলট্রি খাতে বিনিয়োগ বাড়াতে কর ও নীতিগত কী ধরনের পরিবর্তন প্রয়োজন?
মশিউর রহমান: পোলট্রি খাতের ঝুঁকি অনেক, অথচ মুনাফার পরিমাণ তুলনামূলক কম। এর ওপর সাড়ে ২৭ শতাংশ করপোরেট কর, ৫ শতাংশ অগ্রিম আয়কর এবং টার্নওভার কর রয়েছে। পোলট্রির মতো একটি মৌলিক খাদ্য উৎপাদন খাতে এত বেশি করভার বাস্তবসম্মত নয়। এসব কর বাতিল অথবা সহনীয় পর্যায়ে আনা জরুরি।
পাশাপাশি পোলট্রি ফিডের কাঁচামাল ও আধুনিক যন্ত্রপাতি আমদানিতে শুল্কছাড় দিতে হবে। বন্দরে আমদানি করা পণ্য দ্রুত খালাসের ব্যবস্থা করতে হবে। ক্ষুদ্র ও মাঝারি খামারিদের সহজ শর্তে ঋণ ও প্রযুক্তিগত সহায়তা দিতে হবে। খামারিরা যাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বিনিয়োগ করতে পারেন, সে জন্য নীতির ধারাবাহিকতাও প্রয়োজন।
প্রশ্ন: বাজারে দাম নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা কী হওয়া উচিত?
মশিউর রহমান: বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে শুধু খুচরা পর্যায়ে অভিযান চালিয়ে বা জরিমানা করে স্থায়ী সমাধান সম্ভব নয়। খামারি থেকে শুরু করে পাইকার, পরিবেশক, আড়তদার ও খুচরা বিক্রেতা—প্রতিটি পর্যায়ে মূল্য নির্ধারণ ও মুনাফার বিষয়টি স্বচ্ছ হতে হবে। মধ্যস্বত্বভোগীদের ভূমিকা ও বাজারে তাঁদের প্রভাবও জবাবদিহির আওতায় আনতে হবে।
খামারি যেন ন্যায্যমূল্য পান এবং ভোক্তা যেন সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারেন, এই ভারসাম্য নিশ্চিত করতে হবে। উৎপাদন খরচ ও যৌক্তিক মুনাফা বিবেচনায় নিয়ে বাজারব্যবস্থা গড়ে তোলা জরুরি। এতে খামারিরা উৎপাদনে উৎসাহিত হবেন, আবার ভোক্তাদের ওপরও অযৌক্তিক দামের চাপ পড়বে না।
প্রশ্ন: প্রক্রিয়াজাত পোলট্রি পণ্যের বাজার কতটা সম্ভাবনাময়?
মশিউর রহমান: দেশে প্রক্রিয়াজাত পোলট্রি পণ্যের বাজার ধীরে ধীরে বড় হচ্ছে। চিকেন নাগেটস, সসেজ, বার্গার প্যাটি, ম্যারিনেটেড চিকেনসহ বিভিন্ন রেডি-টু-কুক ও রেডি-টু-ইট পণ্যের জনপ্রিয়তা বাড়ছে। শহরকেন্দ্রিক মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্ত পরিবার, কর্মজীবী মানুষ এবং তরুণ প্রজন্ম এসব পণ্যের প্রধান ক্রেতা। পাশাপাশি রেস্টুরেন্ট, ফাস্ট ফুড চেইন, হোটেল ও ক্যাটারিং প্রতিষ্ঠানও এ বাজারের বড় অংশ।
এখানে বিনিয়োগের ভালো সুযোগ রয়েছে। কাঁচা মুরগি বিক্রির পাশাপাশি প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন ও বাজারজাত করা গেলে পণ্যের মূল্য সংযোজন হবে। এতে নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং শিল্পের বাজার আরও সম্প্রসারিত হবে।
প্রশ্ন: পোলট্রি পণ্য রপ্তানির সম্ভাবনা কতটা?
মশিউর রহমান: পোলট্রি পণ্য রপ্তানির ভালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় হালাল পোলট্রি পণ্যের চাহিদা বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে। ইতিমধ্যে এ খাতের বড় প্রতিষ্ঠানগুলো কয়েকটি দেশে রপ্তানি শুরু করেছে।
তবে রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক মানের খাদ্য নিরাপত্তা, রোগ নিয়ন্ত্রণ, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। হালাল সনদ, মান নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক বাজারের শর্ত পূরণে সক্ষমতা বাড়াতে হবে। একই সঙ্গে রপ্তানিকারকদের নীতিগত সহায়তা দিতে হবে। এসব উদ্যোগ নেওয়া গেলে শুধু কাঁচা মুরগি বা ডিম নয়, মূল্য সংযোজিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিরও বড় সুযোগ তৈরি হবে।
প্রশ্ন: পোলট্রি খাতের বর্জ্য ও অব্যবহৃত অবকাঠামো কাজে লাগিয়ে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করা সম্ভব কি?
মশিউর রহমান: অবশ্যই। পোলট্রি খাতের জৈব বর্জ্য সঠিকভাবে প্রক্রিয়াজাত করে জৈব সার তৈরি করা সম্ভব। আমাদের হিসাব অনুযায়ী, এই বর্জ্য থেকে সার উৎপাদন ও ব্যবহার বাড়ানো গেলে বছরে প্রায় ৬ থেকে ৭ হাজার কোটি টাকার সার আমদানি কমানো সম্ভব। কৃষকদের এ সার সরবরাহ করা গেলে প্রায় ২ হাজার কোটি টাকার ভর্তুকিও সাশ্রয় হতে পারে। তবে এ জন্য বর্জ্য সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও মান নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে।
আরেকটি বড় সম্ভাবনা রয়েছে সৌরবিদ্যুৎ উৎপাদনে। দেশের পোলট্রি শেডগুলোর ছাদের মোট আয়তন প্রায় ২৫ মিলিয়ন বর্গমিটার। এসব ছাদে সৌর প্যানেল স্থাপন করা গেলে আনুমানিক ৪ থেকে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব। এতে খামারের বিদ্যুৎ খরচ কমবে, জ্বালানি নিরাপত্তা বাড়বে এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সুযোগ তৈরি হবে।
প্রশ্ন: সব মিলিয়ে পোলট্রি খাতকে টেকসই ও রপ্তানিমুখী করতে এখন সবচেয়ে জরুরি কী?
মশিউর রহমান: প্রথমত, ক্ষুদ্র ও মাঝারি খামারিদের সুরক্ষা দিতে হবে। দ্বিতীয়ত, উৎপাদন খরচ কমাতে ফিড, বাচ্চা, বিদ্যুৎ ও প্রযুক্তি ব্যবহারে নীতিগত সহায়তা প্রয়োজন। তৃতীয়ত, বাজারব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। পাশাপাশি রোগ নিয়ন্ত্রণ, বায়োসিকিউরিটি, বর্জ্য ব্যবস্থাপনা ও আধুনিক খামার প্রযুক্তির প্রসার ঘটাতে হবে।
আমাদের লক্ষ্য হওয়া উচিত শুধু ডিম ও মুরগির উৎপাদন বাড়ানো নয়, বরং খামারির লাভ নিশ্চিত করা, ভোক্তার জন্য সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাদ্য সরবরাহ করা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা তৈরি করা। যথাযথ নীতিসহায়তা ও বিনিয়োগ পেলে পোলট্রি খাত দেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান ও রপ্তানি আয়ের অন্যতম বড় চালিকাশক্তি হতে পারে।
