কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে জরিমানা আদায়, অবৈধভাবে স্থাপিত ব্রিকস ফিল্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন
সুবর্ণচরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, ২ লাখ টাকা জরিমানা
আরিফুর রহমান, সুবর্ণচর (নোয়াখালী)
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১৮:০৭
সুবর্ণচরে কৃষিজমিতে ইটভাটা স্থাপন ও কৃষিজমি থেকে ইট তৈরির জন্য মাটি কাটার অপরাধে এ,কে,বি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন একই সাথে মালিককে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) উপজেলার চরজব্বর ইউনিয়নের চর পানাউল্লাহ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একেবি ব্রিকস ফিল্ডের মালিক মো. আকবর হোসেনকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানকালে কৃষিজমি থেকে ইটের কাঁচামাল প্রস্তুতের জন্য মাটি কাটার পাশাপাশি কৃষিজমি এলাকায় ইটভাটা স্থাপন করায় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে স্থাপিত ব্রিকস ফিল্ডটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট ও সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান বলেন, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটা ও কৃষিজমিতে ইটভাটা স্থাপনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কৃষিজমি যাতে ইটভাটার কাঁচামাল সংগ্রহ বা ভাটা স্থাপনের কাজে ব্যবহার না হয়, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইনের নেতৃত্বে এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর উপ-পরিচালক রায়হান মোর্শেদ, চরজব্বর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ওসিভিল ডিফেন্স, প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
