Logo
×

Follow Us

পরিবেশ ও জলবায়ু

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় প্রস্তুতি জোরদার, ঢাকা অঞ্চলে থাকবে ১ লাখ স্বেচ্ছাসেবক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৯:৪১

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় প্রস্তুতি জোরদার, ঢাকা অঞ্চলে থাকবে ১ লাখ স্বেচ্ছাসেবক

ছবি: সংগৃহীত

সম্ভাব্য ভূমিকম্পজনিত দুর্যোগ মোকাবিলায় জাতীয় পর্যায়ে প্রস্তুতি আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ঢাকা ও আশপাশের এলাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা, একটি জাতীয় টাস্কফোর্স গঠন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক বিশেষ সেল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, ভূমিকম্প-পরবর্তী উদ্ধার, জরুরি সেবা এবং সামগ্রিক সরকারি প্রস্তুতি আরও কার্যকর করার ওপর সভায় গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য এক লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলা এবং তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের তথ্যভান্ডার প্রস্তুত করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই আরও ৩০ হাজার স্বেচ্ছাসেবকের তথ্য এতে যুক্ত করা হবে।

সভায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি ভূমিকম্প বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি তদারকির জন্য একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্যোগের সময় সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও কার্যকর করার বিষয়েও মতবিনিময় হয়।

ঢাকায় দুর্যোগকালীন ত্রাণ ও জরুরি সহায়তা দ্রুত পৌঁছে দিতে হিউম্যানিটারিয়ান স্ট্যাগিং এরিয়া (এইচএসএ) বা বিশেষ লজিস্টিক হাব স্থাপনের বিষয়েও সভায় আলোচনা করা হয়েছে।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Logo