Logo
×

Follow Us

পরিবেশ ও জলবায়ু

জলাবদ্ধতা নিরসনে সুবর্ণচরে ১ কিলোমিটার সংযোগ খাল সংস্কার

Icon

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০১:০৪

জলাবদ্ধতা নিরসনে সুবর্ণচরে ১ কিলোমিটার সংযোগ খাল সংস্কার

ছবি: The farmers voice

নোয়াখালীর সুবর্ণচরে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করতে চরবাটা খাসেরহাট এলাকায় প্রায় ১ কিলোমিটার সংযোগ খাল সংস্কার ও পরিষ্কার কার্যক্রম সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। এ উদ্যোগে চৌধুরী মার্কেট থেকে হেডম মার্কেটসংলগ্ন বাঁশখালী খাল পর্যন্ত পানি চলাচলের পথ উন্মুক্ত হওয়ায় স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে চরবাটা খাসেরহাটের দক্ষিণ পাশে অবস্থিত চৌধুরী মার্কেট থেকে জয় মার্কেট হয়ে হেডম মার্কেট পর্যন্ত সরু খালটি ভেকু মেশিনের মাধ্যমে খনন ও পরিষ্কার করা হয়। ফলে বৃষ্টির জমে থাকা পানি দ্রুত বাঁশখালী খালে প্রবাহিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক বছরে অপরিকল্পিতভাবে জনবসতি বৃদ্ধি এবং বসতবাড়ি নির্মাণের কারণে খালটির দুই পাশে ময়লা-আবর্জনা, বর্জ্য ও রাস্তা থেকে ক্ষয়ে আসা মাটি জমে খালটি প্রায় ভরাট হয়ে যায়। এতে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই এলাকায় কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হতো এবং সাধারণ মানুষের চলাচলসহ দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হতো।

খাল সংস্কার কার্যক্রম পরিদর্শন করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন শাকিল। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা খালসংলগ্ন প্রায় আধা কিলোমিটার অভ্যন্তরীণ কাঁচা সড়ক দ্রুত পাকাকরণের দাবি জানান। তাদের ভাষ্য, পানি নিষ্কাশনের ব্যবস্থা উন্নত হলেও কাঁচা সড়কের কারণে বর্ষা মৌসুমে চলাচলে এখনও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান সড়কটি সরেজমিন পরিদর্শন করেন এবং এটি উন্নয়ন প্রকল্পের আওতায় এনে পাকাকরণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এলাকাবাসীর মতে, সংযোগ খালটি পুনঃখনন ও পরিষ্কার করায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার কার্যকর সমাধানের পথ তৈরি হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ সড়কটি পাকাকরণ করা হলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং স্থানীয় মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।

স্থানীয়দের প্রত্যাশা, খালটির নিয়মিত রক্ষণাবেক্ষণের পাশাপাশি সড়ক উন্নয়ন কাজও দ্রুত বাস্তবায়ন করা হবে, যাতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও চলাচলের দুর্ভোগ স্থায়ীভাবে দূর করা সম্ভব হয়।

Logo