Logo
×

Follow Us

পরিবেশ ও জলবায়ু

বৃক্ষমেলায় গার্ডেনিং বাংলাদেশের স্টলে প্রধানমন্ত্রীর প্রশংসা

জাতীয় পুরস্কারপ্রাপ্ত রকিবুল আমিনের উদ্যোগের প্রশংসা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১৯:৪৬

বৃক্ষমেলায় গার্ডেনিং বাংলাদেশের স্টলে প্রধানমন্ত্রীর প্রশংসা

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রসংলগ্ন মাঠে শুরু হওয়া জাতীয় বৃক্ষমেলা–২০২৬-এ ‘গার্ডেনিং বাংলাদেশ’-এর স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি প্রতিষ্ঠানটির নগর সবুজায়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং এর স্বত্বাধিকারী মো. রকিবুল আমিনকে শুভকামনা জানান।

বৃহস্পতিবার সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধনের পর সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। পরে তিনি মেলায় অংশ নেওয়া পরিবেশবাদী সংগঠন ও বিভিন্ন নার্সারির স্টল ঘুরে দেখেন। স্টলগুলোতে ফুল, ফল ও ঔষধি গাছের পাশাপাশি বিভিন্ন পরিবেশবান্ধব উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

গার্ডেনিং বাংলাদেশের স্টলে প্রধানমন্ত্রীকে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন মো. রকিবুল আমিন। নগরের ছাদ, বারান্দা, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্থানে সবুজায়নের উদ্যোগ তুলে ধরেন তিনি।

স্টল পরিদর্শনের পর রকিবুল আমিন বলেন, খোদ প্রধানমন্ত্রী যখন আমাদের স্টলে এসে অনুপ্রেরণা দেন, তখন পরিবেশ নিয়ে কাজ করার আগ্রহ আরও অনেক বেড়ে যায়। এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার–২০২৫’-এ বৃক্ষ গবেষণা, সংরক্ষণ ও উদ্ভাবন শাখায় পুরস্কার পেয়েছেন রকিবুল আমিন। দীর্ঘ এক দশক ধরে নগর সবুজায়নে কাজ করার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা পান।

কুষ্টিয়ায় বেড়ে ওঠা রকিবুলের গাছপালার প্রতি আগ্রহের শুরু শৈশবেই। পরে ঢাকা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগে পড়াশোনার সময় নগরে সবুজের সংকট তাঁকে নতুনভাবে ভাবতে শেখায়। সেই ভাবনা থেকেই ২০১৯ সালে প্রতিষ্ঠা করেন ‘গার্ডেনিং বাংলাদেশ’।

বর্তমানে প্রতিষ্ঠানটি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক, রিসোর্ট, করপোরেট প্রতিষ্ঠান, পোশাক কারখানা, আবাসন প্রকল্প, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ইকোপার্ক, লেক এবং ব্যক্তিগত বাড়িতে সবুজায়নের কাজ করছে। এখন পর্যন্ত শতাধিক ছোট-বড় ল্যান্ডস্কেপ প্রকল্প বাস্তবায়ন করেছে প্রতিষ্ঠানটি।

রকিবুল আমিন বর্তমানে ‘জিরো সয়েল’ ধারণা নিয়ে কাজ করছেন। তাঁর মতে, কোনো খোলা মাটি অনাবৃত না রেখে ঘাস, লতা বা অন্য উদ্ভিদ দিয়ে ঢেকে দেওয়া গেলে নগর আরও সবুজ হবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়ও তা ভূমিকা রাখবে।

তিনি ‘গার্ডেন নেশন’ নামে একটি উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানান। তাঁর লক্ষ্য, নগর সবুজায়নকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করা এবং পরিবেশবান্ধব জীবনযাপনকে আরও জনপ্রিয় করে তোলা।

রকিবুল আমিন বলেন, আমি চাই মানুষ প্রতিদিন অন্তত একবার গাছের কাছে যাক। একটি গাছ শুধু অক্সিজেন দেয় না, মানুষের মনও ভালো রাখে। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ রেখে যেতে পারলেই আমার সবচেয়ে বড় অর্জন হবে।

Logo