রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণে সরকারের ১০ সদস্যের একটি কমিশন গঠন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১০:৫৭
ছবি: সংগৃহীত
বিশ্ব বাঘ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন, বন্যপ্রাণী ও বিশেষ করে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণে সরকার ১০ সদস্যের একটি কমিশন গঠন করেছে।
মন্ত্রী জানান, কমিশনটি বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল রক্ষা, মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সংঘাত কমানো, বাঘের সংখ্যা বৃদ্ধির জন্য কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন, অবৈধভাবে দখল হওয়া বনভূমি পুনরুদ্ধার এবং বনসংলগ্ন জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করবে।
তিনি বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বাঘের আবাসস্থল রক্ষায় সরকার দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করেছে। বন বিভাগের কার্যক্রম এবং স্থানীয় জনগণের অংশগ্রহণের ফলে সুন্দরবনে বাঘ সংরক্ষণে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে।
সরকারি ক্যামেরা ট্র্যাপিং জরিপের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১০৬টি। ২০১৮ সালে তা বেড়ে দাঁড়ায় ১১৪টিতে। সর্বশেষ ২০২৪ সালের জরিপে সুন্দরবনে ১২৫টি রয়েল বেঙ্গল টাইগারের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে, যা সংরক্ষণ কার্যক্রমের ইতিবাচক ফলাফল হিসেবে বিবেচিত হচ্ছে।
