Logo
×

Follow Us

কৃষি

মিনি কোল্ডস্টোরেজে কৃষকের পণ্য সংরক্ষণ সহজ হবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১৯:৫৯

মিনি কোল্ডস্টোরেজে কৃষকের পণ্য সংরক্ষণ সহজ হবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারীতে কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণের সুবিধা বাড়াতে একটি ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্য সংরক্ষণ করা সহজ হবে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

শনিবার দুপুরে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারসংলগ্ন এলাকায় কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় স্থাপিত ফারমার্স মিনি কোল্ডস্টোরেজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। একই অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত কৃষক-কৃষাণিদের মধ্যে আমন ধানের বীজের চারা বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, এই মিনি কোল্ডস্টোরেজ স্থাপনের ফলে কৃষকদের উৎপাদিত পণ্য সংরক্ষণ করা সহজ হবে। কৃষকেরা উৎপাদিত পণ্য তাৎক্ষণিকভাবে কম দামে বিক্রি না করে সংরক্ষণ করে সুবিধাজনক সময়ে বাজারজাত করার সুযোগ পাবেন। এতে তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাওয়ার সম্ভাবনাও বাড়বে।

মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, প্রান্তিক কৃষকদের ভাগ্য উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। সরকারি কোনো সুবিধা নির্দিষ্ট ব্যক্তির জন্য নয়, এই সুবিধা সবার জন্য। ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয়ের ভিত্তিতে কাউকে সরকারি সুবিধা দেওয়া হবে না। ন্যায্যতার ভিত্তিতে এসব সুবিধা বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেশের মানুষের কাছে বিএনপি যেসব ওয়াদা করেছিল, সরকার সেসব ওয়াদা পূরণ করে চলেছে। সাধারণ মানুষের ভোটে নির্বাচিত সরকার প্রান্তিক মানুষের উন্নয়নে কাজ করবে।

প্রতিমন্ত্রী দাবি করেন, আগের কোনো সরকার প্রান্তিক কৃষকদের উন্নয়নের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করেনি। ফলে কৃষকদেরও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। কৃষকদের উৎপাদিত পণ্য সংরক্ষণ ও বাজারজাতের সুবিধা বাড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

মীর হেলাল উদ্দীন জানান, কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় চট্টগ্রামে দুটি ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ দেওয়া হয়েছে। এর একটি হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। উপজেলা প্রশাসন ও কৃষি অফিস আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মেজবাহ উদ্দিন। উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষক দল নেতা আনোয়ার হোসেন উজ্জ্বল।

Logo