Logo
×

Follow Us

কৃষি

আমরা অনেকগুলো মিনি কোল্ড স্টোরেজ দিয়েছি, কৃষকরা মহা হ্যাপি: কৃষিমন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ২৩:৪৭

আমরা অনেকগুলো মিনি কোল্ড স্টোরেজ দিয়েছি, কৃষকরা মহা হ্যাপি: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আমরা অনেকগুলো মিনি কোল্ড স্টোরেজ বিনামূল্যে দিয়েছি, কৃষকরা মহা হ্যাপি। এখন উৎপাদন খরচ কমাতে উৎপাদন এলাকার কাছাকাছি আরও ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ বিতরণের প্রস্তুতি নিচ্ছি।

মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কৃষিপণ্য রপ্তানি বাড়াতে কার্গো ভিলেজ, কোল্ড স্টোরেজ ও কুল রুমসহ বিমানবন্দরের বিভিন্ন সুবিধা বৃদ্ধির বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় কৃষি সচিব মো. সেলিম খান উপস্থিত ছিলেন।

নতুন করে দেওয়া মিনি কোল্ড স্টোরেজগুলোকে আরও উন্নত করার চেষ্টা চলছে জানিয়ে মন্ত্রী বলেন, কোন কৃষিপণ্য কত দিন সতেজ রাখা যায়, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বিশেষ করে টমেটো কাঁচা ও পাকা অবস্থায় কত দিন সংরক্ষণ করা যায়, তা পরীক্ষা করা হচ্ছে।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, আমরা চাচ্ছি অন্তত দুই মাস থাকুক। মৌসুমে দেশে প্রচুর গাজর উৎপাদন হয় উল্লেখ করে তিনি বলেন, গাজর কত দিন ভালো রাখা যায়, সেটিও পরীক্ষা করা হচ্ছে।

কৃষিমন্ত্রী বলেন, উৎপাদন এলাকার কাছাকাছি মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা গেলে কৃষকের ফসল সংরক্ষণের পাশাপাশি পরিবহন খরচও কমবে। এতে কৃষকের উৎপাদন ব্যয় কমবে এবং কৃষক তাঁর উৎপাদিত পণ্যের ভালো দাম পাওয়ার সুযোগ পাবেন।

তিনি বলেন, কৃষক যেখানে ফলাবে, তার গ্রামে এসে কাঁধে ভারে, মাথায় নিয়ে কোল্ড স্টোরেজে নিয়ে রাখবে। কোনো ক্যারিং কস্ট নাই। তাহলে তার কস্টিংটা কমে যাবে।

কৃষিপণ্য সংরক্ষণের সক্ষমতা বাড়ানোর সঙ্গে রপ্তানির বিষয়টিও গুরুত্ব পাচ্ছে বলে জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, মিনি কোল্ড স্টোরেজের মাধ্যমে কৃষক লাভবান হবেন এবং দেশের কৃষিপণ্য রপ্তানির সুযোগও বাড়বে।

তিনি বলেন, সোজা কথা, মিনি কোল্ড স্টোরেজের মাধ্যমে কৃষক যেমন লাভবান হবেন, আবার বাংলাদেশের পণ্য আমরা রপ্তানি করব। আমদানির প্রশ্নই আসে না।

কৃষিমন্ত্রীর মতে, উৎপাদনস্থলের কাছাকাছি সংরক্ষণ সুবিধা তৈরি করা গেলে একদিকে কৃষকের পরিবহন ব্যয় কমবে, অন্যদিকে উৎপাদনের মৌসুমে অতিরিক্ত সরবরাহের কারণে কৃষিপণ্যের দাম পড়ে যাওয়ার ঝুঁকিও কমানো সম্ভব হবে। সংরক্ষণ করে পরে বাজারজাত করা গেলে কৃষক ও বাজার উভয়ই লাভবান হবে।

তিনি জানান, মিনি কোল্ড স্টোরেজের সক্ষমতা ও সংরক্ষণকাল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার ফলাফলের ভিত্তিতে এগুলোকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে উৎপাদন, সংরক্ষণ ও রপ্তানির মধ্যে একটি কার্যকর সংযোগ তৈরির লক্ষ্য রয়েছে সরকারের।

Logo