Logo
×

Follow Us

কৃষি

মিনি কোল্ড স্টোরেজ কৃষকের আয় বাড়াবে, শক্তিশালী করবে কৃষি অর্থনীতি: শিক্ষামন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ২২:৩৭

মিনি কোল্ড স্টোরেজ কৃষকের আয় বাড়াবে, শক্তিশালী করবে কৃষি অর্থনীতি: শিক্ষামন্ত্রী

শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, মৌসুমের শুরুতে কম দামে কৃষিপণ্য বিক্রি না করে প্রয়োজন অনুযায়ী সংরক্ষণ করে সুবিধাজনক সময়ে বিক্রি করতে পারবেন কৃষকেরা। এতে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাওয়ার পাশাপাশি কৃষকের আয় বাড়বে এবং স্থানীয় কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে। 

শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার এলাকায় হাইব্রিড সোলার অপারেটেড মিনি কোল্ড স্টোরেজ বিতরণ ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় বিনামূল্যে কৃষকদের মধ্যে বিনামূল্যে এসব কোল্ড স্টোরেজ বিতরণ করা হয়।

মন্ত্রী বলেন, কৃষকের বড় একটি সমস্যা হলো উৎপাদনের মৌসুমে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পণ্যের দাম কমে যাওয়া। তখন অনেক কৃষক বাধ্য হয়ে কম দামে ফসল বিক্রি করেন। মিনি কোল্ড স্টোরেজের মাধ্যমে সেই পরিস্থিতি থেকে কৃষকদের বেরিয়ে আসার সুযোগ তৈরি হবে। প্রয়োজন অনুযায়ী ফসল সংরক্ষণ করে বাজারে দাম বাড়লে তাঁরা বিক্রি করতে পারবেন।

ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, এ উদ্যোগের ফলে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত হবে, সংরক্ষণ সক্ষমতা বাড়বে এবং কৃষি আরও লাভজনক হবে। কৃষকের আয় বাড়লে গ্রামীণ অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।

সরকারের পাইলট প্রকল্পের আওতায় বাস্তবায়িত এ উদ্যোগকে কচুয়ার কৃষি উন্নয়নে নতুন দিগন্ত হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, কচুয়া দেশের অন্যতম আলু উৎপাদনকারী এলাকা। এ ছাড়া রবি মৌসুমে এখানে বিভিন্ন ধরনের কৃষিপণ্য উৎপাদিত হয়। কিন্তু উৎপাদিত ফসল সংরক্ষণের পর্যাপ্ত সুযোগ না থাকায় কৃষকেরা দীর্ঘদিন ধরে সমস্যায় ছিলেন। সেই সংকট দূর করতে পরীক্ষামূলকভাবে মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, প্রকৃত কৃষকেরা এসব কোল্ড স্টোরেজে আলু, বীজ, ডিমসহ বিভিন্ন কৃষিপণ্য সংরক্ষণ করতে পারবেন। এর ফলে কৃষকেরা মৌসুম শেষে কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হবেন না। সংরক্ষণের সুযোগ কাজে লাগিয়ে তাঁরা সুবিধাজনক সময়ে পণ্য বিক্রি করতে পারবেন। এতে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি কৃষি উৎপাদনে বিনিয়োগের সক্ষমতাও বাড়বে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈকত দাস, উপজেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, শিক্ষা বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মনির হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি মিজান মোল্লা, ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম সবু, সাধারণ সম্পাদক জহির সরকার ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান জুয়েল। এ ছাড়া স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে কৃষকদের মধ্যে হাইব্রিড সোলার অপারেটেড মিনি কোল্ড স্টোরেজ বিতরণ করা হয় এবং আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ঘোষণা করা হয়।

Logo