গ্রামীণ অর্থনীতিকে চাঙা করবে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ২২:০৮
প্রধানমন্ত্রীর আর্থিক ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সৌরবিদ্যুৎচালিত ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ কৃষকদের পচনশীল কৃষিপণ্য দীর্ঘ সময় সংরক্ষণের সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে কৃষকেরা উৎপাদিত পণ্য সংরক্ষণ করে উপযুক্ত সময়ে বাজারজাত করতে পারবেন। এতে স্থানীয় কৃষি অর্থনীতি শক্তিশালী হওয়ার পাশাপাশি কৃষকের ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ তৈরি হবে।
শনিবার রাজবাড়ীর পাংশা উপজেলার গোপালপুর বাজারে সৌরবিদ্যুৎচালিত একটি ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, গ্রাম পর্যায়ে কৃষিপণ্য সংরক্ষণের সুযোগ বাড়ানো গেলে কৃষকের উৎপাদিত পণ্যের অপচয় কমবে। একই সঙ্গে কৃষকেরা উৎপাদনের পরপরই কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হবেন না। তাঁরা পণ্য সংরক্ষণ করে বাজারের চাহিদা ও দাম বিবেচনা করে উপযুক্ত সময়ে বিক্রি করতে পারবেন।
তিনি বলেন, সৌরবিদ্যুৎচালিত মিনি কোল্ড স্টোরেজ পরিবেশবান্ধব। একই সঙ্গে এর পরিচালনা ব্যয় তুলনামূলকভাবে কম। স্থানীয় পর্যায়ে এ ধরনের সংরক্ষণব্যবস্থা গড়ে উঠলে কৃষক ও কৃষিপণ্যের সঙ্গে সংশ্লিষ্ট মানুষের পাশাপাশি সামগ্রিক গ্রামীণ অর্থনীতি উপকৃত হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় পাংশা উপজেলার গোপালপুর বাজারে সৌরবিদ্যুৎচালিত ফারমার্স মিনি কোল্ড স্টোরেজটি স্থাপন করা হয়েছে। শনিবার এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ এবং রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আবদুস সালাম মিয়া বক্তব্য দেন। এ সময় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. তফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারাও অংশ নেন।
