Logo
×

Follow Us

কৃষি

পেঁয়াজ সংরক্ষণে আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০০:০৬

পেঁয়াজ সংরক্ষণে আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার

দেশে পেঁয়াজের সংরক্ষণ সক্ষমতা বাড়াতে কৃষকদের মধ্যে আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন বিতরণ করবে সরকার। আগামী ২০২৬-২৭ অর্থবছরে দেশের প্রধান পেঁয়াজ উৎপাদনকারী এলাকায় এসব মেশিন সরবরাহ করা হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) বলছে, কৃষক পর্যায়ে পেঁয়াজের অপচয় কমিয়ে দীর্ঘমেয়াদি সংরক্ষণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার পাবনা সদর উপজেলার মধুপুর গ্রামে কৃষকের স্থাপিত একটি এয়ার ফ্লো মেশিন পরিদর্শন শেষে এসব কথা বলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম।

মহাপরিচালক বলেন, অতীতে সংরক্ষণ সুবিধার অভাবে পেঁয়াজের উল্লেখযোগ্য অংশ নষ্ট হয়ে যেত। ফলে মৌসুম শেষে বাজারে সরবরাহ কমে দাম অস্বাভাবিক বেড়ে যেত এবং আমদানির ওপর নির্ভর করতে হতো। এই পরিস্থিতি মোকাবিলায় গত বছর সারা দেশে ১১ হাজার ৭০০টি এয়ার ফ্লো মেশিন স্থাপন করা হয়। এর ইতিবাচক প্রভাব পড়েছে পেঁয়াজ সংরক্ষণে। ফলে গত বছর দেশে নামমাত্র পেঁয়াজ আমদানি করতে হয়েছে।

তিনি জানান, বর্তমানে দেশে ১৫ লাখ মেট্রিক টনেরও বেশি পেঁয়াজ মজুত রয়েছে। এই মজুত দিয়ে আগামী ছয় মাসের চাহিদা পূরণ করা সম্ভব। এ কারণে এয়ার ফ্লো প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী অর্থবছরে নতুন করে ১৫ হাজার মেশিন বিতরণ করা হবে।

আব্দুর রহিম বলেন, যেসব মসলাজাতীয় ফসল এখনো আমদানি করতে হয়, সেগুলোর দেশীয় উৎপাদন বাড়ানোর পাশাপাশি সংগ্রহোত্তর অপচয় কমাতে হবে। এ লক্ষ্যেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আধুনিক সংরক্ষণ প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দিতে কাজ করছে।

তিনি আরও বলেন, পেঁয়াজ ও পাটবীজ উৎপাদন ও সংরক্ষণ, বর্ষা মৌসুমে বস্তায় ও পলিমালচ পদ্ধতিতে মরিচ চাষসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তির সম্প্রসারণেও সরকার কাজ করছে। এসব প্রযুক্তি ব্যবহারে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া ব্লকের মধুপুর গ্রামে কৃষক মো. বাকি বিল্লাহর স্থাপিত এয়ার ফ্লো মেশিন পরিদর্শনের পর স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন মহাপরিচালক। এ সময় ডিএইর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক, পাবনার উপপরিচালক, জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Logo