Logo
×

Follow Us

কৃষি

শেকৃবির শিক্ষার্থীদের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে হাতে-কলমে প্রশিক্ষণ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ২২:৪৬

শেকৃবির শিক্ষার্থীদের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে হাতে-কলমে প্রশিক্ষণ

বক্তব্য রাখেন মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের পরিচালক কৃষিবিদ ড. আখতার জাহান কাঁকন

মাশরুম চাষের আধুনিক প্রযুক্তি, রোগবালাই ব্যবস্থাপনা, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের লক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্ল্যান্ট প্যাথলজি বিভাগের স্নাতকোত্তর (এমএস) শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ ও শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।

রোববার সাভারে অবস্থিত মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে প্ল্যান্ট প্যাথলজি বিভাগের জানুয়ারি–জুন ২০২৬ সেমিস্টারের এমএস শিক্ষার্থীদের জন্য মাইকোলজি কোর্সের অংশ হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের সহযোগিতায় দিনব্যাপী এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্ল্যান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক এবং মাইকোলজি কোর্সের শিক্ষক প্রফেসর আবু নোমান ফারুক আহম্মেদ

প্রশিক্ষণ কার্যক্রমে নেতৃত্ব দেন প্রকল্পের পরিচালক কৃষিবিদ ড. আখতার জাহান কাঁকন। এ সময় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্ল্যান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক এবং মাইকোলজি কোর্সের শিক্ষক প্রফেসর আবু নোমান ফারুক আহম্মেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী প্রশিক্ষণে শিক্ষার্থীরা মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের গবেষণাগার, স্পন উৎপাদন ইউনিট, উৎপাদন ও প্রদর্শনী কেন্দ্র, প্রযুক্তি স্থানান্তর কার্যক্রম এবং বিভিন্ন ধরনের মাশরুম চাষের আধুনিক পদ্ধতি ঘুরে দেখেন। এ ছাড়া উন্নত প্রযুক্তি ব্যবহার করে মাশরুম উৎপাদন, পরিচর্যা, রোগ ও দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং মাশরুমভিত্তিক বিভিন্ন খাদ্য প্রস্তুতের কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়

প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীরা মাশরুম উৎপাদনের প্রতিটি ধাপ—সাবস্ট্রেট প্রস্তুত, স্পন ব্যবহার, ইনকিউবেশন, ফলন সংগ্রহ এবং মানসম্মত উৎপাদনের বিভিন্ন কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। পাশাপাশি গবেষণা ও বাণিজ্যিক পর্যায়ে মাশরুম চাষের সম্ভাবনা, উদ্যোক্তা উন্নয়ন এবং পুষ্টি নিরাপত্তায় মাশরুমের ভূমিকা নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রকল্প পরিচালক ড. আখতার জাহান কাঁকন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তব অভিজ্ঞতাও অর্জন করতে হবে। মাশরুম একটি উচ্চ পুষ্টিগুণসম্পন্ন এবং সম্ভাবনাময় কৃষিপণ্য। আধুনিক প্রযুক্তি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা তৈরি হলে ভবিষ্যতে গবেষণা ও উদ্যোক্তা তৈরিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়

অধ্যাপক আবু নোমান ফারুক আহম্মেদ বলেন, শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগের সুযোগ তৈরি করাই এ ধরনের প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। মাশরুমের জীববিজ্ঞান, রোগতত্ত্ব ও উৎপাদন প্রযুক্তি সম্পর্কে শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বাড়াতে এই প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। এ সময় তারা বলেন, মাশরুম চাষের আধুনিক প্রযুক্তি, গবেষণার বিভিন্ন দিক এবং উৎপাদন ব্যবস্থাপনা সম্পর্কে তাঁদের বাস্তব ধারণা সমৃদ্ধ হয়েছে। ভবিষ্যতে গবেষণা, উচ্চশিক্ষা এবং বাণিজ্যিকভাবে মাশরুম চাষে এ অভিজ্ঞতা কাজে লাগবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

Logo