Logo
×

Follow Us

কৃষি

নোয়াখালীতে ট্রাক চাপায় কৃষি কর্মকর্তা নিহত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১৬:২১

নোয়াখালীতে ট্রাক চাপায় কৃষি কর্মকর্তা নিহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নতুন ভিআইপি সড়কে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত কর্মকর্তার নাম আব্দুর রহমান সুমন। তিনি চৌমুহনী পৌরসভায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (১৮ জুলাই) দুপুরে আব্দুর রহমান সুমন মোটরসাইকেল যোগে নতুন ভিআইপি সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত আব্দুর রহমান সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বাসিন্দা।  

ঘটনার পরপরই স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে বেগমগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করছে এবং ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ।

দুর্ঘটনার পর নতুন ভিআইপি সড়ক এলাকায় কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যাহত হয়। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। এঘটনায় নিহতের পরিবার ও চৌমুহনী পৌরসভা কার্যালয়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমান  নিহতের বিষয়ে নিশ্চিত করে জানান, স্থানীয়রা খবর দেয়ার পর পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Logo