Logo
×

Follow Us

কৃষি

সুবর্ণচরে জলাবদ্ধতা নিরসনে খাল পরিদর্শন, সমাধানে মাঠে প্রশাসন ও যুবদল

Icon

সুবর্ণচর (নোয়াখালী)

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১৯:৩৬

সুবর্ণচরে জলাবদ্ধতা নিরসনে খাল পরিদর্শন, সমাধানে মাঠে প্রশাসন ও যুবদল

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমান উল্ল্যাহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে ৭ নম্বর ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত খালের পানি চলাচলে প্রতিবন্ধকতার কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন এবং কৃষকের স্বার্থ রক্ষায় সরেজমিনে খাল পরিদর্শন করেছেন সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

জানা যায়, এলাকায় নবসংস্কারকৃত খালের স্বপন মার্কেটের পূর্ব পাশ থেকে পাকা সড়ক পর্যন্ত খননকাজ সম্পন্ন হলেও পরবর্তী অংশে জমি-সংক্রান্ত জটিলতার কারণে সংস্কারকাজ বন্ধ হয়ে যায়। ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হয়ে বিস্তীর্ণ কৃষিজমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে স্থানীয় কৃষক ও বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন। পাশাপাশি বিষয়টি নিয়ে এলাকায় সামাজিক বিতর্কও তৈরি হয়।

পরিস্থিতি বিবেচনায় ঘটনাস্থলে উপস্থিত কৃষক, বসতবাড়ির মালিক এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন সংশ্লিষ্টরা। তারা সমস্যার বিভিন্ন দিক তুলে ধরেন এবং দ্রুত কার্যকর সমাধানের দাবি জানান। সবার মতামত গুরুত্বের সঙ্গে শুনে বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানের লক্ষ্যে বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক ভারী বর্ষণের কারণে খালের পানি চলাচল বাধাগ্রস্ত হওয়ায় বিস্তীর্ণ কৃষিজমি জলাবদ্ধ হয়ে পড়েছে। বর্তমানে আমন ধানের বীজতলা তৈরির মৌসুম হওয়ায় কৃষকেরা দুশ্চিন্তায় রয়েছেন। ইতোমধ্যে কয়েকটি বসতবাড়িতেও পানি প্রবেশ করেছে। সামনে আরও ভারী বৃষ্টিপাত হলে কৃষিজমি, ফসল এবং বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমনের উদ্যোগে স্বপন মার্কেট সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন, উপজেলা নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান, চর আমান উল্ল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পরিদর্শন শেষে আলোচনায় কৃষিজমির পানি দ্রুত নিষ্কাশনের জন্য বক্স কালভার্ট বা ইউ-ড্রেন নির্মাণের সম্ভাব্যতা, খালের স্বাভাবিক পানি প্রবাহ পুনঃস্থাপন এবং দীর্ঘমেয়াদি টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে এমন একটি ব্যবস্থা গ্রহণের বিষয়ে মত দেওয়া হয়, যাতে একদিকে কৃষকের স্বার্থ সংরক্ষিত হয়, অন্যদিকে স্থানীয় বসতবাড়ি ও ব্যক্তিগত সম্পদের কোনো ক্ষতি না হয়।

সংশ্লিষ্টরা জানান, এলাকাবাসীর মতামত, বাস্তব পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে প্রশাসনিকভাবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।

Logo