Logo
×

Follow Us

কৃষি

কৃষকের স্বার্থে খাল পরিদর্শন, এলাকাবাসীর সঙ্গে আলোচনা শেষে দ্রুত সমাধানের সিদ্ধান্ত

Icon

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১৯:২৫

কৃষকের স্বার্থে খাল পরিদর্শন, এলাকাবাসীর সঙ্গে আলোচনা শেষে দ্রুত সমাধানের সিদ্ধান্ত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমান উল্ল্যাহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে ৭ নম্বর ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত খালের পানি চলাচলে প্রতিবন্ধকতার কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন এবং কৃষকের স্বার্থ রক্ষায় সরেজমিনে খাল পরিদর্শন করেছেন সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

জানা যায়, এলাকায় নবসংস্কারকৃত খালের স্বপন মার্কেটের পূর্ব পাশ থেকে পাকা সড়ক পর্যন্ত খননকাজ সম্পন্ন হলেও পরবর্তী অংশে জমি-সংক্রান্ত জটিলতার কারণে সংস্কারকাজ বন্ধ হয়ে যায়। ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হয় এবং সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। পাশাপাশি বিষয়টি নিয়ে এলাকায় সামাজিক বিতর্কও দেখা দেয়।

এ অবস্থায় ঘটনাস্থলে উপস্থিত কৃষক, বসতবাড়ির মালিক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন সংশ্লিষ্টরা। সবার বক্তব্য ও মতামত গুরুত্বের সঙ্গে শুনে গ্রহণযোগ্য ও স্থায়ী সমাধানের লক্ষ্যে বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।

স্থানীয়রা জানান, টানা ভারী বর্ষণের কারণে খালের পানি চলাচল বাধাগ্রস্ত হওয়ায় বিস্তীর্ণ কৃষিজমি জলাবদ্ধ হয়ে পড়েছে। বর্তমানে আমন ধানের বীজতলা তৈরির মৌসুম হওয়ায় কৃষকেরা চরম উদ্বেগে রয়েছেন। ইতোমধ্যে কয়েকটি বসতবাড়িতেও পানি প্রবেশ করেছে। সামনে আরও ভারী বৃষ্টিপাত হলে কৃষিজমি ও বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে তারা জানান।

সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমনের উদ্যোগে স্বপন মার্কেট সংলগ্ন এলাকায় পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেংমং রাখাইন, উপজেলা নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান, চর আমান উল্ল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শন শেষে আলোচনায় কৃষিজমির পানি দ্রুত নিষ্কাশনের জন্য বক্স কালভার্ট বা ইউ-ড্রেন নির্মাণের সম্ভাব্যতা, খালের স্বাভাবিক পানি প্রবাহ পুনঃস্থাপন এবং এমন একটি টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে একদিকে কৃষকের স্বার্থ রক্ষা হয়, অন্যদিকে স্থানীয় বসতবাড়ি ও ব্যক্তিগত সম্পদের কোনো ক্ষতি না হয়।

এ সময় সংশ্লিষ্টরা জানান, এলাকাবাসীর মতামত ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

Logo