Logo
×

Follow Us

কৃষি

৬শ কৃষকের মাঝে নারিকেল চারা বিতরণ

সুবর্ণচরে নারিকেল চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

Icon

আরিফুর রহমান, সুবর্ণচর (নোয়াখালী)

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০০:২৭

সুবর্ণচরে নারিকেল চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সরকারের নির্ধারিত অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে নারিকেল চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অর্থনৈতিকভাবে কৃষকদের স্বাবলম্বী করতে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। সরকারের এ উদ্যোগ সফল করতে সকলকে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান তারা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফখরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কৃষক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচির আওতায় সুবর্ণচর উপজেলার প্রায় ৬শ কৃষকের মাঝে ৫টি করে নারিকেল চারা, ৫টি খুঁটি এবং প্রয়োজনীয় জৈব সার বিতরণ করা হয়। বিতরণকৃত চারাগুলো সঠিকভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠান শেষে উপকারভোগী কৃষকদের মাঝে চারা, খুঁটি ও জৈব সার বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। স্থানীয় কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কৃষিবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানান।

Logo